সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে জনতার সাথে প্রতারণার অভিযোগে একটি খেলনা পিস্তলসহ এক প্রতারককে আটক করেছে থানা পুলিশ।
সোমবার দুপুর ১২টায় আশুলিয়ার গাজিরচট এলাকায় প্রতারণাকালে গোয়েন্দা পুলিশ পরিচয়দানকারী ওই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আটক মো. রাজীব (৩০) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার শলীমাবাদ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় এক ভুক্তভোগী জানায়, রাজীব নামের ওই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার নিকট মাদক আছে এমন অভিযোগ আনে। এসময় টাকা না দিলে তাকে মাদক দিয়ে ধরিয়ে দেওয়ারও হুমকি দেয় রাজীব নামের ওই প্রতারক।
পরে ঘটনাটি এলাকাবাসীর নিকট সন্দেহজনক বলে তাকে আটকে রেখে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ পরিচয়দানকারী প্রতারক রাজীবের ব্যাগে তল্লাশি চালিয়ে একটি খেলনা পিস্তল, ছুরি ও মাদকদ্রব্য উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক কামরুল ইসলাম জানান, রাজীব নামের ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ পরিচয় দিয়ে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে।
এআই





