অর্থনৈতিক উন্নয়নের চারটি সূচকে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এগুলো হলো- শিক্ষা, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি), উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সূচক। দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে এ চার সূচকে একেবারেই নিচের দিকে বাংলাদেশের অবস্থান।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৮টি দেশের ওপর চালানো গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

সফররত এডিবির ভাইস-প্রেসিডেন্ট বিন্দু এন লোহানী আনুষ্ঠানিকভাবে বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেছেন।

প্রতিবেদন মতে, শিক্ষা খাতে ২৮ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫তম। বাংলাদেশের পেছনে আছে নেপাল, ক্যাম্বোডিয়া ও পাকিস্তান। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে দক্ষিণ কোরিয়া। শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ার গড় মান ৪ দশমিক ৬৬। আর বাংলাদেশের সূচক মান ১ দশমিক ৭৫। মোট ১০ পয়েন্টে এ মান ধরা হয়েছে।

দক্ষিণ এশিয়ায় আইসিটি খাতে বাংলাদেশের অবস্থান ২৩তম। বাংলাদেশের পরে আছে ক্যাম্বোডিয়া ও মিয়ানমার। এ খাতে দক্ষিণ এশিয়ার গড় মান ৪ দশমিক ২৮। আর বাংলাদেশের সূচক মান ১ দশমিক শূন্য ১।

উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি- এই দুই খাতেই বাংলাদেশের অবস্থান ২৭তম এবং দুটি খাতেই বাংলাদেশের পেছনে আছে মিয়ানমার।

উদ্ভাবন খাতে দক্ষিণ এশিয়ার গড় মান ৪ দশমিক ৫০। আর বাংলাদেশের মান ১ দশমিক ৬৯। জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সূচকে দক্ষিণ এশিয়ার গড় মান ৪ দশমিক ৩৯, আর বাংলাদেশের মান ১ দশমিক ৪৯।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই