ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত মশিউর রহমান মোল্লা উপজেলার চাঁদপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি দাবি করেন, গাছগুলো কৃষকের ক্ষতি করছিল। এজন্য কেটে ফেলা হয়েছে।
গতকাল বুধবারের পর বৃহস্পতিবারও ওই আওয়ামী লীগ নেতা নির্দেশে উপজেলার বড়ভাদড়া গ্রামের পানি উন্নয়ন বোর্ডের জিকে সেচ খালপাড়ের কমপক্ষে ২৫টি ইপিলইপিল গাছ কেটে ফেলা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার দুপুরেও সেখানে শ্রমিকদের কয়েকটি গাছ কাটতে দেখা গেছে। আর আগে থেকে কাটা গাছগুলো নসিমনে করে নিয়ে যাওয়া হচ্ছে।
এ বিষয়ে কর্মরত শ্রমিক শরিফুল ইসলাম বলেন, ‘আমরা শ্রমিক। মশিউর রহমান মোল্লা আমাদের ডেকেছেন, এসে কাজ করছি।’
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মোল্লা বলেন, ‘গাছগুলো কৃষকদের ক্ষেতের খুব ক্ষতি করছে। কৃষকেরা অভিযোগ করেছিল, এজন্য কেটে ফেলা হচ্ছে।’
এ বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন বলেন, ‘সরকারি গাছ কাটার অধিকার কারও নেই। আমরা কিছুই জানি না। তদন্ত করে সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। এএস





