নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে। বাবা-মায়ের লাশের পাশেই ছিলো ২ বছর ও দেড় মাস বয়সের দুই কন্যা সন্তান।
শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি ফসলি জমি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- উপজেলার সনমান্দি ইউনিয়নের চরভুলুয়া গ্রামের মোমেন মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন (৩২) এবং তার স্ত্রী একই এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে আয়েশা (২৬)।
স্থানীয়রা জানায়, পরিবারের অসম্মতিতে ৩ বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করেন সুমন ও আয়েশা। পরিবার মেনে না নেওয়ায় তারা ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের সুবর্ণা নামে দুই বছর বয়সী ও দেড় মাস বয়সী দু'টি কন্যা সন্তানও আছে।
বিয়ের ৩ বছর পরেও পরিবার মেনে না নেওয়ায় তাদের মধ্যে হতাশা ছিলো বলে জানান প্রতিবেশীরা। এ ঘটনায় নিহত সুমনের বাবা মোমেন মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
পুলিশের ধারণা, স্বামী-স্ত্রী দু'জনেই বিষপানে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত শেষে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





