ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বাবা আব্দুস সাত্তারকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে ইনসান (১৮) নামে এক যুবক। এ ঘটনায় এলাকাবাসী ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার সকাল ১০টায় উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগরের ইস্পাহানী নদীধারা আকাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- নিহতের ছেলে ইনসান (১৮), স্ত্রী ফাতেমা বেগম (৩৮) ও মেয়ে সীমা আক্তার (১৬)।

নিহত আব্দুস সাত্তারের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার নয়ানন্দী এলাকায়। তিনি উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়িতে আব্দুস সাত্তারের সঙ্গে তার স্ত্রী ফাতেমা বেগমের বাক-বিতণ্ডা হয়। এসময় ইনসান ঘরে এসে বাবা-মায়ের ঝগড়া দেখতে পায়। একপর্যায়ে ইনসান ক্ষিপ্ত হয়ে তার বাবাকে দা দিয়ে কুপিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িত ইনসান, ফাতেমা ও সীমাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

দক্ষিণ কোরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ