সাতক্ষীরার শিকড়ি সীমান্তে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’মনির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।

সদর উপজেলার শিকড়ি সীমান্তের গজালিয়া বিলে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। মনির সদর উপজেলার কালিয়ানী ছয়ঘরিয়া গ্রামের রজব আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, ডিবি পুলিশের (গোয়েন্দা) একটি দল রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের শিকড়ির কাছে গজালিয়া বিল এলাকায় চোরাচালানীদের চ্যালেঞ্জ করে কিছু ফেনসিডিল আটক করে।

এ সময় চোরাচালানীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা কনস্টেবল আবদুর রহিমকে কুপিয়ে ও এএসআই আমিনুল ইসলামকে পিটিয়ে আহত করে। পুলিশও আত্মরক্ষার্থে সেখানে ৫ রাউন্ড গুলি ছোড়ে।

এ সময় পুলিশের গুলিতে আহত হন মনির হোসেন। পরে স্থানীয়দের সহায়তায় মনির হোসেনকে গভীর রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে গুরুতর আহত আবদুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনায় নিয়ে যাওয়া হয়েছে।

এসএইচ