ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১০৮ তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন দিদার বলী। প্রায় ১৭ মিনিট লড়াই করে শামছু বলীকে পরাজিত করে শিরোপা জিতলেন তিনি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল চারটা থেকে নগরীর লালদীঘি মাঠে শুরু হয় বলীখেলা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক বলী অংশ নেন।

আগে থেকেই জব্বারের বলী খেলায় এবারের পর থেকে আর খেলবেন না বলে ঘোষণা দিয়েছিলেন দিদার বলী। তাই আগামীবার থেকে আর দেখা যাবে না ঐতিহ্যবাহী এই খেলার সবচেয়ে বেশি ট্রফির মালিককে।

গত বছর অনুষ্ঠিত ১০৭তম আসরে জব্বারের বলী খেলার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে রামুর দিদার বলী ও টেকনাফের শামছু বলী কেউ কাউকে নির্ধারিত সময়ে হারাতে না পারায় সিলেকশন পদ্ধতিতে নতুন চ্যাম্পিয়ন হন শামছু বলী।

তবে গত আসর থেকে যুগ্ম চ্যাম্পিয়ন প্রথা বাতিল হয়েছে। তার সঙ্গে সিদ্ধান্ত হয় সিলেকশন পদ্ধতি। আর এই পদ্ধতিতেই গতবার চ্যাম্পিয়ন হন শামছু বলী। রানার্সআপ হয়ে যা মানতে পারেননি দিদার বলী।

তবে এবার সিলেকশন পদ্ধতিতে চ্যাম্পিয়ন করা হবে না বলে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তো আগেই বাতিল হয়েছে। তাই হাড্ডাহাড্ডি লড়াই করেই চ্যাম্পিয়ন হতে হয়েছে দিদার বলীকে।

ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ উল হাসান, রবি আজিয়াটা লিমিটেডের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ। অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী ও সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

মাসুম/জারিফ