শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, স্কুল-কলেজ খোলার পর আপাতত সপ্তাহে একদিন করে ক্লাস নেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।

শনিবার (০৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের উদ্বোধনের পর তিনি এই কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, “করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও সেটি যথেষ্ট নয়। তাই স্কুল-কলেজ চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খোলার পর আপাতত সপ্তাহে একদিন করে ক্লাস নেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে পরিস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় চমেক হাসপতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের জরুরি সেবা চালু হয়েছে। এতে করে একছাদের নিচে সকল ধরনের জরুরি সেবা মিলবে। রোগীরা এখানেই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাবেন। ফলে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চাপ কমে যাবে।”

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: মিজানুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চমেকের অধ্যক্ষ ডা. শাহানা আক্তার ও বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান প্রমুখ।

এমবি