অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে এখন মোটেও ক্ষুধা নেই, দারিদ্র্য আছে; তবে কঠিন দারিদ্র্য দূর হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র্যকে চিরবিদায় জানানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার সিলেট সদর উপজেলায় ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদের।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জৈন উদ্দিন প্রমুখ।

অর্থমন্ত্রী বলেন, ৪৫ বছর আগে আমরা যুদ্ধবিধ্বস্ত দেশ ছিলাম। দারিদ্রের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছি। আজ বলতে পারি এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সফল হয়েছি।

তিনি বলেন, কেবল শহরে নয়, গ্রামের মানুষও সমান তালে এগিয়ে যাচ্ছে। সরকার তার সামর্থ্য অনুযায়ী দারিদ্র্য দূরীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর গতিধারা বাড়ছে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর ও গরীব মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ সরকারের দারিদ্র্য দূরীকরণের একটি উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের জগত বিস্তৃত হবে এবং সেলাই মেশিন গরিব মহিলাদের কর্মশক্তি বাড়িয়ে দেবে।

অনুষ্ঠানে সদর উপজেলার ৮ ইউনিয়নের ১২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি করে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ১৪৬ জন গরীব অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

এআর