রংপুরের পীরগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪ জনকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলাম রোববার দুপুরে তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার দিগদুয়ারী গ্রামের ওসমান গনীর ছেলে সোহরাব হোসেন (৩৫), চককরিম গ্রামের আব্দুর রহমানের ছেলে আশরাফুল (২৭), বেতকাপা গ্রামের তছলিম উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৪৬) ও জামালপুর গ্রামের লাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৭)।

এ ছাড়াও ফতেপুর গ্রামের নওয়াব আলীর ছেলে হাবিব (৩০) নামের এক জুয়াড়িকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান জানান, শনিবার রাতে রংপুরের পীরগজ্ঞ উপজেলার লালদিঘী ফতেপুর, আদর্শ কাশিমপুর ও লালদিঘীমেলাসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।

এ সময় গাঁজা, চোলাইমদসহ বিভিন্ন মাদক সেবন, বিক্রি ও জুয়া খেলার অভিযোগে ৪ জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। পরে রোববার দুপরে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত ওই সাজা প্রদান করেন।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ