পিরোজপুর সদর থানা পুলিশ বুধবার সকালে শংকরপাশা ইউনিয়নের পাড়েরহাট মৎস্য বন্দর থেকে অস্ত্র ও গুলিসহ দুই জলদস্যুকে আটক করেছে। আটককৃতরা হলো- মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট হারজী গ্রামের রুস্তুম হাওলাদারের ছেলে সোহরাব ও একই উপজেলা ধানিশাফা ইউনিয়নের তুজাম্বর আলীর ছেলে আ. রহিম।
পিরোজপুরের সহকারি পুলিশ সুপার মো. আব্দুল কাদের বেগ বলেন, গেল ঈদুল আযহার ৫ থেকে ৬ দিন আগে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামের জামাল মিয়ার একটি ট্রলার (ট্রলারটিতে লোক পারাপার করা হতো) চুরি হয়ে যায়।
জামাল মিয়ার ভাই মনিরুল আলম ওই ট্রলারটি খুঁজতে পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরে আসে। বুধবার সকাল নয়টার দিকে নদী থেকে একটি ট্রলার আসতে দেখে মনিরুল স্থানীয় মৎস ব্যবসায়ীদের সাথে নিয়ে ওই ট্রলারটি সনাক্ত করেন।
পাড়েরহাটের মৎস ব্যবসায়ী আহসানুল হক শামীম বলেন, ট্রলারটি আটকের সময় স্থানীয় লোকজন ট্রলারে থাকা জলদস্যু আব্দুর রহিমকে ধরে গণধোলাই দেয়। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, পুলিশ এসে পরে ট্রলারটিতে তল্লাশী চালিয়ে দুটি একনালা বন্দুক, ৪৯টি বন্দুকের গুলি, একটি রামদাসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করে।
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বলেন, শ্রমজীবী জামালের ট্রলারটি চুরি হওয়ার পরপরই আমি জেনেছি এবং বিভিন্ন যায়গায় খোজ করেছি ট্রলারটি উদ্ধারের জন্য।
জেআই





