ঝিনাইদ্হ রজলার শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩ পুলিশ কনস্টেবলসহ ১৫ জন আহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার পর শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে তুমুল সংঘর্ শুরু হয়। সংঘর্ষ চলে প্রায় ৩ ঘন্টা ব্যাপী।
গুরুতর আহত ৩ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে বিবাদমান দুইপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।
এদিকে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার সাংবাদিকদের জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মাখন মিয়া ও নজরুল সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় উভয়পক্ষ ঢাল-সড়কিসহ দেশী অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়।
তিনি বলেন, পরে খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ইটের আঘাতে তিন পুলিশ কস্টেবল আহত হন।
পুলিশ সংঘর্ষ থামাতে ২৫ রাউন্ড গুলি ছুঁড়ে দুইপক্ষকে ছত্রভঙ্গ করে দেয় বলে ওসি ইকবাল বাহার জানান। এ সময় সংঘর্ষরত ছয়জনকে পুলিশ আটক করেছে। গ্রামটিতে এখন অর্ধশত পুলিশ মোতায়েন রয়েছে।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম/একে





