ঝিনাইদহে সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়েপ্রায় ১৫ বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ১৬ মার্চ দিবাগত রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার বর্তমান চেয়ারম্যান নিজামুল গনি লিটু ও সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার বিকাশ গ্রুপের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে লিটু সমর্থকদের ওপর হামলা চালায়।
এসময় একটি বাড়িতে অগ্নিসংযোগসহ প্রায় ১৫ বাড়িতে ভাংচুর চালানো হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।





