ঢাকা শহরে মোটরসাইকেল এখন মূর্তিমান আতঙ্ক। তারা কোনো রুট মেনে চলে না। এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বড় গাড়ির আমদানির ওপর গুরুত্বারোপ করে ছোট গাড়ির আমদানি নিয়ন্ত্রণ করতে হবে।
এ সময় তিনি মোটরসাইকেল আরোহীরা হেলমেট পরছে কি না, লাইসেন্স ও রেজিষ্ট্রেশন আছে কি না তা খতিয়ে দেখার জন্য বিআরটিএর কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এছাড়া সারাদেশে কতগুলো মোটরসাইকেল রেজিষ্ট্রেশন ছাড়া রয়েছে তা চিহ্নিত করতে বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দেন মন্ত্রী।
এসময় বিআরটিএ চেয়ারম্যান মো নজরুল ইসলাম, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশারসহ সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





