গত ১৩ই জুন রাতে ঝিনাইদহ থেকে শহিদ আল মাহমুদকে গ্রেপ্তারের পর অস্বীকার ও আদালতে হাজির না করায় উদ্ধেগ প্রকাশ ও অনতিবিলম্বে তার সন্ধান দাবী করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

আজ দুপুরে ঝিনাইদহের এক রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সন্তানের সন্ধান দাবি করে নিখোঁজ শহিদ আল মাহমুদের পিতা রজব আলী মোল্লা বলেন, সেদিন মাইক্রোবাস ও মোটর সাইকেলে করে সাদা পোষাকের পুলিশ সদস্যরা আমাদের নিরপরাধ সন্তান শহিদ আল মাহমুদকে গ্রেপ্তার করে।

এসময় গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তারা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে আমাদের সামনে থেকে আমাদের সন্তানকে টেনেহিঁচড়ে নিয়ে যায়।

এসময় আমরা ও উপস্থিত জনতা সদর থানার এসআই আমিনুর ও এসআই উজ্জলকে চিনতে পারি। পরে আমরা থানায় যোগাযোগ করলে তারা বার বার বিষয়টি এড়িয়ে গিয়ে গ্রেপ্তারের কথা অস্বীকার করছেন। গ্রেপ্তারের পর ৬ দিন পার হয়ে গেলেও তাকে আদালতে হাজির করা হয়নি।

সম্প্রতি ঝিনাইদহে এভাবে গ্রেপ্তারের পর অস্বীকার করে অনেক মেধাবী ছাত্রকে পরিকল্পিতভাবে রাতের আঁধারে হত্যা করেছে পুলিশ। এবারো ঝিনাইদহের ছাত্রদের টার্গেট করে গ্রেপ্তার ও তা অস্বীকার করছে। যা আমাদের উদ্ধেগকে আরো বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি পুলিশ সদস্যবৃন্দও তাদের পবিত্র দায়িত্ব ও পোষাকের প্রতি শ্রদ্ধা দেখাবেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আমাদের সন্তানের নিরাপত্তা দাবি করছি। আমাদের জানামতে আমাদের সন্তান কোন অপরাধের সাথে জড়িত নয়।

তিনি জানান, এরপরেও প্রশাসনের নিকট যদি আমাদের ছেলের বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাহলে আমাদের আকুল আবেদন তাদের যেন আইন অনুযায়ী দ্রুত আদালতে উপস্থাপন করা হয়। দেশের অন্য সকল নাগরীকের মত আইনের আশ্রয় নেয়ার অধিকার আমাদেরও আছে। শুধু রাজনৈতিক অবস্থানের কারণে যেন তাদের সরকারের অত্যাচারের মুখে পড়তে না হয়।

সকলকে সোচ্চার হবার দাবিতে তিনি বলেন, আমরা জাতীয় মানবাধিকার সংস্থা, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে আমাদের সন্তানের আইনের আশ্রয় পাবার অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। আমাদের সন্তানের জান মালের কোন ক্ষতি হলে তার দায়ভার সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে।

তারা অবিলম্বে ছেলেদের সন্ধান ও আদালতে সোপর্দ করার দাবি জানিয়ে বলেন, দয়া করে আমাদের আদরের সন্তানকে আমাদের বুকে ফিরিয়ে দিন। বাবা-মায়েদের আকুতি পদদলিত করবেন না। তারা তাদের ছেলেদের সন্ধানের জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এমআইএস