২৫ মার্চ রাত ৯টায় ১ মিনিটের জন্য সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করবে বাংলাদেশ। তবে দেশের জরুরি স্থাপনা (কেপিআই) এবং চলমান যানবাহন এই কর্মসূচির বাইরে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ (০৩ মার্চ) রোববার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের কামল এইসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি রাষ্ট্রদূতদের সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাতায়াতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া ডিপ্লোম্যাটদের ঢাকার গুলশান থেকে সাভার স্মৃতিসৌধে আনা-নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।”
তিনি আরও বলেন, “কুটনীতিক এলাকতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং কেপিআইসমূহে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। সর্বোপরি ২৫ ও ২৬ মার্চ উপলক্ষে সারা দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।”
কামাল আরও বলেন, “নিরাপত্তার প্রয়োজনেই ঢাকা থেকে সাভার পর্যন্ত সড়কে যে ব্রিজগুলো আছে সেই ব্রিজের নিচে এবং আশপাশের নদীতে নৌ-পুলিশ মোতায়েন থাকবে। ঢাকা থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনও তোরণ নির্মাণ করা যাবে না।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু-কিশোরদের সমাবেশের প্রবেশ ও বাহির পথে আর্চওয়ে নির্মাণ করা হবে এবং আগতদের শরীর ও ব্যাগ তল্লাশি করা হবে।”
এছাড়া, ২৬ মার্চ সেশের সব হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান এবং শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা এবং সেবা বিভাগের সচিব, পুলিশে আইজি, আনসারের ডিজি, ডিএমপি কমিশনার, বিজিবি, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমবি





