মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শরিয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার ভদ্রাসন ব্রিজ এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরিয়তপুরের কাজীরহাট থেকে যাত্রীবাহী একটি লোকাল পরিবহন শিবচরের কাঁঠালবাড়ি যাচ্ছিল। মাঝ পথে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে শিবচরের ভদ্রাসন ব্রিজ এলাকায় বাসটি খাদে পড়ে যায়। এসময় স্কুল ও কলেজের ছাত্রছাত্রীসহ ১৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরিয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সাত্তার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই