বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে উল্লেখ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গি তৎপরতা পেলেই আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবো। আইন না মানলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবো।
কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে শিক্ষামন্ত্রী আজ সোমবার এ কথা বলেন।
তিনি বলেন, দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে জঙ্গিবাদ ইস্যুতে ছাড় দেয়া হবে না। এই ইস্যুতে আমরা জিরো টলারেন্স ভূমিকায় রয়েছি। কেউ পার পাবে না।
বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর উদ্দেশে তিনি বলেন, যারা আইন মানবেন না তারা টিকে থাকবে না। আইন না মানলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবো। দারুল ইহসান আইন মানেনি, বন্ধ করে দিয়েছি। দেশের সব অবৈধ আউটার ক্যাম্পাসও বন্ধ করে দিয়েছি।
শিক্ষক অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আপনার সন্তান কোথায় কখন যাচ্ছে খেয়াল করুন। তারা যেন বিপথে না যায় সেটা দেখার দায়িত্ব আপনার।
তিনি আরো বলেন, মানুষ হত্যা করে বেহেশতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তা তাদের বোঝান।
এদিকে ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ইউজিসি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী একটি কমিটি গঠন করেছে। এই কমিটি তদন্ত করবে। আমি আশা করি দেশ থেকে জঙ্গি তৎপরতা দূর হবে।
উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাসহ দেশে সবগুলো জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার মানববন্ধন করেছে। জানা গেছে, দেশের ৩৭টি পাবলিক ও ৯২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এমআইএস





