গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাডুডু খেলাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। এর মধ্যে ১৩ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার কাঠি গ্রামের বরকতুল্লাহ ও মুন্সী বংশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার কাঠি গ্রামে একদল যুবক হাডুডু খেলতে ছিল। এ সময় খেলা নিয়ে যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে দুই বংশের প্রধান মাসুদ মুন্সী ও বাচ্চু বরকতুল্লাহের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়।
এর মধ্যে মারত্মক আহত আমিরুল ইসলাম (২৫), মামুনুর রশিদ (৩০), জালাল বরকতুল্লাহ (৪০), হাসান মুন্সী (২৬) ও জাহিদুল বরকতুল্লাহসহ (২৭) ১৩ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





