নীলফামারীর জলঢাকা উপজেলার জিরো পয়েন্টে একই সমাবেশ আওয়ামী লীগ ও যুব সংগ্রাম পরিষদ সমাবেশ আহবান করায় ‘সহিংসতা’ এড়াতে জলঢাকা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শুক্রবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব।

তিনি জানান, সহিংসতা এড়াতে ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জলঢাকা থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, সহিংসতা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিন বিকাল ৩টায় জলঢাকার জিরো পয়েন্ট মোড়ে যুব সংগ্রাম পরিষদ সমাবেশ আহবান করে শহরে মাইকিং করে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে একই স্থানে সমাবেশ আহবান করে মাইকিং করে আওয়ামী লীগ।

এ ব্যাপারে যুব সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান জানান, যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুরের উপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে এ সমাবেশ আহবান করা হয়। কিন্তু হঠাৎ করে একই স্থানে আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের ব্যানারে সমাবেশ আহবান করে।

এ ব্যাপারে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু জানান, এ বিষয়ে কিছুই জানেন না তিনি।

কেএইচ