সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থল বন্দরে আমদানি-রফতানির কার্যক্রম বন্ধ রয়েছে। সিঅ্যান্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশন সাধারণ সভা আহ্বান করায় এ আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

ফলে বুধবার সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক যাওয়া-আসা না করায় ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আটকা পড়েছে শতাধিক আমদানি পণ্যবাহী ট্রাক।

ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, বন্দর সিঅ্যান্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশনের শ্রমিকরা সাধারণ সভার কারণে আমদানি-রফতানি কার্যক্রমে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছেন।

পাশাপাশি তারা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার জন্য সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন।

ভোমরা স্থল বন্দরের কাস্টমস কর্মকর্তা উত্তম কুমার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এই একদিন ভোমারা স্থল বন্দরে আমাদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার কারণে সরকার প্রায় ৪০ লাখ টাকার রাজস্ব হারাবে।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ