রাজধানীর বনানী লেক থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর লাশটিকে হিজরার বলে জানায় পুলিশ। কিন্তু মেডিকেল টেস্টের পর জানা গেছে লাশটি কোনো হিজড়া ব্যক্তির নয়। অজ্ঞাতনামা নিহত ওই ব্যক্তি পুর্ণাঙ্গ পুরুষ।
উদ্ধারকৃত লাশের সুরতহাল রিপোর্টের সাথে মেডিকেল রিপোর্টের এই অমিলের কারণে লাশ নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুলিশ ইতোমধ্যে মূল ঘটনার অনুসন্ধানে নেমেছে। পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, কোনো অপকর্ম করতে গিয়ে খুন হয়েছে অথবা নিজেদের চেনাজানা লোকদের মধ্যে সংঘর্ষে ওই ব্যক্তি মারা গেছে।
তবে এখনো বিষয়টি নিশ্চিত করতে পারেনি বনানী থানা পুলিশ।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ফিরোজ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টার দিকে থানার ২২নং রোডের বনানী লেক থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বনানী থানা পুলিশের উপপরিদর্শক ফরিদা পারভীন টাইমনিউজবিডিকে বলেন, উদ্ধারকৃত মৃতদেহে হিজড়ার ন্যায় পোশাক (ডেস্রে) ছিল। লাশ ছিল প্রায় অর্ধগলিত। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বনানী থানা পুলিশের উপ-পরিদর্শক আরিফুর রহমান টাইম নিউজবিডি'কে বলেন, মৃত ব্যক্তির নাক মুখ ও কান দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। মারধরের চিহ্ন রয়েছে। লাশের অবস্থা দেখে মনে হয়েছে কমপক্ষে দুই দিন আগে মারা গেছে।
উপ-পরিদর্শক আরিফুর রহমান আরও বলেন, শারীরিক অবস্থা ও বস্ত্রাবৃতি দেখে মনে হয়েছিল মৃত ব্যক্তি হিজড়া। কিন্তু মেডিকেলে চেকআপ করার পর জানা গেছে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ পুরুষ। শরীরে হিজড়া লেভেলের পোষাক ছিল। বুকে আলগা কাপড় গুজিয়ে ব্রা পড়া ছিল।
পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি হিজড়া সেজে বিভিন্ন লোকের সাথে অবৈধ মেলামেশা করতো। বিভিন্ন স্থানে, পার্কে হিজড়া সেজে ছিনতাই করতো। এ ধরনের কোনো এক ঘটনার প্রেক্ষাপটে হয়তো মারধরের শিকার হয়ে লেকে পড়ে মারা গেছে অথবা হিজড়া সেজে অন্য হিজড়াদের সাথে মিশতে গিয়ে ধরা পড়ার কারণে সংঘর্ষে মারা গেছে।
মারা যাওয়ার সম্ভাব্য সব ধরণের বিষয় মাথায় রেখে কাজ করছে পুলিশ। খুব শিগগিরই এ ব্যাপারে জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা, জেইউ, ০৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





