রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিয়েছেন হাজার হাজার মানুষ।

আর শ্রদ্ধামিশ্রিত সেই ফুলের প্রতিটি ডালি মাত্র ৪০ টাকা দরে বিক্রি করছেন সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা। প্রতিবছরই এভাবে ফুল বিক্রি করে দেন তাঁরা।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার ভোর থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পুষ্প অর্পণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সের মানুষ।

দুপুরের মধ্যে ফুলে ফুলে ভরে যায় পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এর মধ্যে শুধু বড় বড় ফুলের ডালিই বিক্রি করবেন সেখানকার দায়িত্বরত আনসার সদস্যরা।

এরই মধ্যে শাহবাগের একজন ফুল বিক্রেতা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে থাকা সব ফুলের ডালি কিনতে আনসার সদস্যদের ৫০০ টাকা অগ্রিমও দিয়েছেন। রাত ৯টার দিকে ফুল নিতে যাবেন ওই ফুল বিক্রেতা।

আজ দুপুর ১টার দিকে শাহবাগের ফুল ব্যবসায়ী সেজে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে ফুল কিনতে গেলে তিনজন আনসার সদস্যের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। দরকষাকষির একপর্যায়ে ওই আনসার সদস্যরা এসব কথা বলেন।

এ সময় সামসু নামের এক আনসার সদস্য বলেন, ‘শাহবাগের একজন ফুল দোকানদার ৫০০ টাকা বায়না দিয়ে গেছে। প্রতি ডালি ৪০ টাকা দরে কিনবে।

তিনি যদি না কিনেন তাহলে আপনাকে দিতে পারব। আপনাকে বিকেলে ফোন দিয়ে জানাব। নিলে রাত ঠিক ৯টার সময়ে আসবেন।’

রাত ৯টার সময় ফুল তো নষ্ট হয়ে যাবে। তাহলে আর ফুল কিনে কী করব? এমন প্রশ্নের জবাবে সামসু আরো বলেন, ‘কিছুই হবে না,  শীতের সময় ফুল নষ্ট হয় না। গত বছর ১৪ (ডিসেম্বর) তারিখের ফুল আমরা বিক্রি করেছিলাম ১৫ (ডিসেম্বর) তারিখে সকালে।’

সন্ধ্যার আগে দেওয়া যাবে না? আর কত ডালি দিতে পারবেন? এমন প্রশ্নের জবাবে সামসু বলেন, ‘সারা দিন মানুষজন আসবে-যাবে।

সন্ধ্যা থেকে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। শেষ হবে ৯টার সময়। শেষ হলে লোকজন চলে যাবে। তখনই দিতে পারব। সব মিলে মোট ২০০ ডালি ফুল হবে। যদি আপনিই নেন তবে সব নিতে হবে।’

আনোয়ার নামের এক আনসার সদস্য বলেন, ‘ফুল নিতে পারবেন। চলেন অফিসে গিয়ে আগে কথা বলি।

তারপরে দেখেন কী বলে। শামিমের (আনসার সদস্য) কাছে একজন এসেছিল। সে যদি ফুল না নেয় তবে আপনি নিতে পারবেন।’

এই ফুলের ডালি কিনে ব্যবসায়ীরা কী করবেন? এমন প্রশ্নের জবাবে শাহবাগের একজন ফুল বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে বলেন, তাঁরা কম দামে এসব ফুলের ডালি কিনে সংরক্ষণ করবেন।

এরপর তা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বেশি দামে বিক্রি করবেন। এতে তাঁদের লাভ বেশি হয়।

এমএ