নড়াইলের কালিয়া উপজেলার ঐশোনা ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুলিশ কনস্টেবল ফারুক হোসেনসহ অন্তত ১০জন আহত হয়েছেন।এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৯টায় চরকানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোল্লা ফোরকান আলী এবং বিদ্রোহী প্রার্থী এসএম চুন্নু’র সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষ বাধে।

চেয়ারম্যান প্রার্থী ফোরকান আলী অভিযোগ করে বলেন, ‘ডুমুরিয়া থেকে চরডুমুরিয়া যাওয়ার পথে বিদ্রোহী প্রার্থী চুন্নুর সমর্থকরা তার সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় মোটরসাইকেল ভাংচুরসহ সমর্থকদের মারধর করে। ’এ অভিযোগ অস্বীকার করে চুন্নুর সমর্থকেরা বলেন, ‘ফোরকান সমর্থকেরা প্রথমে তাদের ওপর হামলা চালায়। এমনকি নির্বাচনী উঠান বৈঠকেও তাদের ওপর হামলা চালিয়ে ব্যাপক তান্ডব সৃষ্টি করে।’

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়াদুল হক বলেন, ‘কনস্টেবল ফারুকের মাথায় ইটের আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

 

এইচ ই