ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জঙ্গি নয়, দুষ্টু পোলাপান চিরকুট লিখে হুমকি দিয়েছে।

গত মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সোয়া ১১টায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, যে উড়োচিঠি এসেছে তা দেওয়া হয়েছে দাজ্জাল বাহিনী নামে। দাজ্জাল বাহিনী নামে বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন নেই। কোনো দুষ্টু পোলাপান অতি উৎসাহী হয়ে এই চিরকুট লিখেছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, বাংলা নববর্ষ বরণ উপলক্ষে রমনার অনুষ্ঠান ঘিরে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। কেউ কোনো ধরনের দুঃসাহস দেখাতে পারবে না। পয়লা বৈশাখ উপলক্ষে সরাসরি কোনো জঙ্গি (থ্রেট) হুমকি নেই। এরপরেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, আমি মনে করি, দুই একটা বোমা দিয়ে আমাদের দমন করা যাবে না। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা কামান-বন্দুক নিয়ে এই বাঙালিদের দমন করতে পারেনি। আর কোথাকার কোন জঙ্গি একটা দুইটা বোমা মেরে আমাদেরকে দমন করবে, আমরা ওইরকম ভীতুর জাতি নই। আমরা বীরের জাতি।

এবিএস