পাবনার সাঁথিয়া উপজেলার পার গোপালপুর গ্রামে সরকারি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পার গোপালপুর গ্রামের একটি সরকারি জলাশয়ে শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে দুপুরে ওই গ্রামের জয়নাল গ্রুপের সঙ্গে জুয়েল গ্রুপের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জলাশয়ে মাছ ধরতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেআই