সন্তু লারমার আগমন ঠেকাতে বান্দরবানে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জাগো পার্বত্যবাসী নামে একটি সংগঠন। বান্দরবান প্রেস ক্লাবে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাগো পার্বত্যবাসী সংগঠনের নেতা আবিদুর রহমান।
সংবাদ সম্মেলনে আবিদুর রহমান জানান, আমরা মনে করি পাহাড়ে চাঁদাবাজি-সন্ত্রাস, অপহরণ এবং হত্যার জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি সন্তু লারমা (জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা) দায়ী। পাহাড়ী জেলা বান্দরবান নিয়ে নতুন ষড়যন্ত্র করতে ১২ ও ১৩ মার্চ দুদিনের সফরে সন্তু লারমা বান্দরবান আসার কথা রয়েছে। পরিকল্পিতভাবে পাহাড়ে অশান্তি সৃষ্টিকারী সন্তু লারমাকে কোনোভাবেই বান্দরবান প্রবেশ করতে দেওয়া হবে না। তার আগমন ঠেকাতেই ১২ ও ১৩ মার্চ বান্দরবান জেলায় টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যেকোনো মূল্যে সন্তু লারমার আগমন প্রতিহত করা হবে।
সংগঠনের অন্যতম শ্রমিক নেতা আব্দুল জলিল বলেন, ‘পাহাড়ী-বাঙালী সকলেই অস্ত্রধারী সন্তু বাহিনীর হাতে জিম্মি। স্থানীয় পাহাড়ী এবং বাঙালী সকলেই পাহাড়ে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে ঐক্যবদ্ধ হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ওয়ার্ডে ওয়ার্ডে সন্ত্রাস নির্মূল করতে জাগো পার্বত্যবাসীর কমিটি গঠন করা হচ্ছে। হরতাল কর্মসূচির সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় ও বুধবার জেলা শহরে বিক্ষোভ মিছিল করা হবে।’
সংবাদ সম্মেলনে সংগঠনের শ্রমিক নেতা মোহাম্মদ কামাল, যুবনেতা গোলাম সরোয়ার সোহাগ, আব্দুল আলীম মুন্না, বাঙালী ছাত্র পরিষদের নেতা শাহাদাত হোসেন, শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা সদরের ফারুকপাড়ায় পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) জেলা সম্মেলনে যোগ দিতে ১৩ মার্চ দুদিনের সফরে সন্তু লারমা বান্দরবান সফরে আসার কথা রয়েছে।
এএইচ





