সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে একই দিনে একই সময়ে বিএনপির দু’গ্রুপ পাল্টাপাল্টি সম্মেলন ডাকায় প্রশাসন সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যান্ত ১৪৪ ধারা জারি করেছে।
ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল হকের বরাত দিয়ে রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত মধ্যনগর বাজারে মাইকিং করে ১৪৪ ধারা জারির কথা জানানো হয়।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক জানান, মধ্যনগর থানা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির বিবদমান দু’টি গ্রুপ একই সময়ে একই জায়গায় সমাবেশ ডাকায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মধ্যনগর বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এদিকে, মধ্যনগর থানা বিএনপির নেতা আব্দুল কাইয়ুম মজনু জানান, তারা সাত দিন আগে মধ্যনগর বাজারে মধ্যনগর থানা বিএনপি’র সম্মেলন উপলক্ষে সমাবেশের ঘোষণা দেন।
অপরদিকে, মধ্যনগর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার জানান, মধ্যনগর থানা বিএনপির সম্মেলন উপলক্ষে মধ্যনগর বাজারে সাত দিন আগে সমাবেশের ঘোষণা দেন তারা।
কেএইচ





