জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৈয়দ আলী শিকদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের মজলিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে, সৈয়দ আলী নিহত হওয়ার খবরে দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মহুয়া বেগম (৪৫), আজগর (২০), জুলহাস শিকদার (৪৫), মহসিন (২৭) ও এসকেন শিকদারসহ (৩৯) কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, জমির সীমানা নির্ধারণ নিয়ে মুজরীকান্দা গ্রামের সৈয়দ আলী সিকদারের সঙ্গে পার্শ্ববর্তী বিবিরকান্দা গ্রামের হবি মাতুব্বরের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ে বিবাদে জড়িয়ে পড়লে ধারালো অস্ত্রের আঘাতে সৈয়দ আলী শিকদার ঘটনাস্থলেই মারা যান। এর জের ধরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে গড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি নাজমুল ইসলাম।

জেআই