রংপুর চিনিকলের আওতায় গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। স্থানীয় আদিবাসী সাওতাল ও খামার কর্মকর্তা-কর্মচারীদের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে এ ধারা জারি করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল পৌনে ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)এ আদেশ জারি করেন।

এ বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. আবদুল হান্নান জানান, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম এলাকার ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে আদিবাসী সাওতালরা মঙ্গলবার সকালে খামার এলাকায় সমাবেশের ডাক দিয়েছে। একই দিনে সাহেবগঞ্জ ইক্ষু খামারের কর্মকর্তা-কর্মচারীরাও সেখানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। এছাড়া আদিবাসী সাওতালদের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়ে সোমবার বিকেলে লাঠি মিছিল করেছিল খামারের কর্মকর্তা-কর্মচারীরা। এতে করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা দিয়েছে। যে কারণে খামার এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে ১৪৪ ধারা কার্যকর হবে। কোনো প্রকার সভা-সেমিনার ও মিছিল না করার জন্য ইতিমধ্যে মাইকিং করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা বলবৎ থাকবে।

প্রসঙ্গত, খামারের ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গত রবিবার বিকেলে দফায় দফায় তীর-ধনুক, বল্লম, হাসুয়া, লাঠিসোটা ও দেশিয় অস্ত্রসহ বিক্ষোভ করেছিল আদিবাসী সাওতালরা। এ সময় তারা সাহেবগঞ্জ-বাগদা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের ধাওয়া করে। এতে করে ক্ষিপ্ত আদিবাসীরা ফের বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি সেখানকার অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এ সময় তারা ক্যাম্পের চেয়ার-টেবিল, দরজা-জানালা ভাঙচুর ও বেশ কিছু মালামাল লুট করে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে পুলিশের একটি শর্টগান ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। যদিও পরবর্তীতে শর্টগানটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে ক্যাম্পে হামলার বিষয়টি অস্বীকার করেছিল অভিযুক্তরা।

এম এ