রাজশাহী মহানগরীতে সোমবার শিশির পরিবহণ নামে যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব-১১-২৮৫৬) হরতাল ও অবরোধকারীদের দেওয়া আগুনে দগ্ধ আম্বিয়া বেগমকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটেন প্রধান সহকারী অধ্যাপক ডা. আফরাজী নাজনীন জানান, আম্বিয়ার মুখের শতকরা ৮০ ভাগ দগ্ধ হয়েছে। মুখমণ্ডল ফুলে উঠতে শুরু করেছে। রামেক হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তার উন্নত চিকিৎসার প্রয়োজন। এ জন্যই তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, সোমবার গভীর রাতে মহানগরীর রেশম ভবনের সামনে শিশির পরিবহণ নামে যাত্রীবাহী বাসটিতে পেট্রোল বোমা হামলা চালালে আম্বিয়া বেগম (৫০) অগ্নিদগ্ধ হন। এরপর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
আম্বিয়া বেগম চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকার ইসরাফিল হকের স্ত্রী।
জেআই





