ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। জমিতে মাটি কাটা নিয়ে এ সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে।
বুধবার দুপুরে বাসুদেব ইউনিয়নের জারুলতলা এলাকার কড্ডা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জারুলতলা গ্রামের জরিনা বেগমের জমিতে মাটি কাটা নিয়ে পার্শ্ববর্তী কড্ডা গ্রামের জহিরের সঙ্গে জরিনা বেগমের ছেলে জসিমের কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করে।
কেএইচ





