আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করতে যোগাযোগ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে ঈদের ছুটিতে রাজাধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের আইজি হাসান মাহমুদ।
বুধবার দুপুর ২টার দিকে সাভারের আইন-শৃঙ্খলা ও ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনে এসে সাভার নিউ মার্কেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।
তিনি জানান, ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে নিরাপত্তার জন্য পর্যাপ্ত প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।
আইজিপি বলেন, অপরাধীদের কারণে যেসব এলাকায় অপরাধ সংঘটনের সম্ভাবনা রয়েছে সেখানে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে।
তিনি বলেন, মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তি কোনো পুলিশ সদস্যও হলেও তার বিরুদ্ধেও আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের জন্য বিপুল আইন-শৃঙ্খলা সদস্য সচেষ্ট আছে। খুব শিগগিরই আরো পুলিশ সদস্য বাড়ানো হবে। দেশে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেকোনো অপরাধ রোধ করতে পুলিশ তৈরি আছে।
তিনি জানান, প্রত্যেকটি অফিসে মুষ্টিমেয় লোক আছে, যাদের ওই অফিসের সুনাম ক্ষুণ্ন হয়। পুলিশের মধ্যেও এমন কিছু লোক আছে। তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
এসময় পুলিশের ডিআইজি নুরুজ্জামান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





