মালবাহী একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। এতে ট্রাকের চালক মো. ইসমাইল হোসেন(৫৫) দগ্ধ ও হেলপার আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর জেলা শহরের সোনাপুর-মাইজদী সড়কে দত্তবাড়ির মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় টহলরত পুলিশ গুলি চালালে মোহাম্মদ হোসেন নামে এক যুবদল কর্মী আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করেছে। দগ্ধদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ট্রাক চালক মো. ইসমাইল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মফিজ উল্লার ছেলে। আহত হেলপারের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, রাতে চালক ইসমাইল চৌমুহনী থেকে মালবোঝাই করে ট্রাক নিয়ে সোনাপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে সোনাপুর-মাইজদী সড়কের দত্তেবাড়ী মোড় এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত চলন্ত ট্রাকে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে।
এতে গাড়ীতে আগুন ধরে গেলে ট্রাকচালক ইসমাইল দগ্ধ হন। এসময় গাড়ী থেকে লাফিয়ে সড়কের উপর পড়ে হেলপার আহত হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, ট্রাকে পেট্রলবোমা মেরে পালানোর সময় পুলিশ গুলি ছুঁড়লে মোহাম্মদ হোসেন নামের এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়।
পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এআর





