ভাষা আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক প্রদানের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সরকার।
আগামী ১ নভেম্বরের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।
বুধবার (১০ আগস্ট) সংস্কৃতি মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একুশে পদক সংক্রান্ত নীতিমালা অনুযায়ী অন্যান্য বছরের ন্যায় ২০১৭ সালে সরকার কর্তৃক ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সব ক্ষেত্রে), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ লক্ষ্যে সরকারের সব মন্ত্রণালয় বা বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা সংস্থা, সব পাবলিক বিশ্ববিদ্যালয়, সব জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক কিংবা একুশে পদকে ভূষিত সুধীদেরকে আগামী ১ নভেম্বরের মধ্যে মনোনয়ন প্রস্তাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
এ সংক্রান্ত যাবতীয় তথ্য ও একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moca.gov.bd) এবং তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moi.gov.bd) পাওয়া যাবে।
এমএনজে





