জামালপুর জেলার বকশীগঞ্জে ভারতীয় বন্যহাতির আক্রমণে সাজু মিয়া (২০) নামে এক কৃষক মারা গেছেন। রবিবার (২৫ এপ্রিল) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সাজু উপজেলার কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বালুরচর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, এলাকাতে ইরিবোরো ধান পাকা শুরু হয়েছে। কয়েকদিন ধরে সীমান্ত অতিক্রম করে ভারতীয় বন্যহাতির দল সেই পাকা ধান খেতে আসে। কৃষকরা দল বেধে ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন।

রাত ১২টার দিকে একদল হাতি সীমান্ত অতিক্রম করে ধান খেতে আসলে স্থানীয়রা বাধা দেয়। এ সময় হাতির দলটি কৃষকদের আক্রমন করলে সাজু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাজু মিয়াকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, হাতির আক্রমণে কৃষকের মৃত্যু হয়েছে বিষয়টি তিনি শুনেছেন।

এমই