কুমিল্লার দাউদকান্দিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স ব্যবহার করে রাস্তায় কমপক্ষে ১৫ টি যানবাহনে গণডাকাতি হয়েছে। দাউদকান্দি উপজেলার মানিককান্দি ভাঙ্গা ব্রিজের কাছে ডাকাতি সংঘটিত হয়।
এলাকাবাসী ও ডাকাতির শিকার ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, বুধবার রাতে অ্যাম্বুলেন্সযোগে দাউদকান্দির বীরবাগ গোয়ালী গ্রামের রুমী আক্তার তার মেয়ে সুমাইয়াকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। মানিককান্দি ভাঙ্গা ব্রিজের কাছে এলে গাছ ফেলে ১০-১২ জনের ডাকাত দল তাদের অ্যাম্বুলেন্স আটক করে। মুখে কালো কাপড় বেঁধে ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে মহিলাদের স্বর্ণালংকার, চিকিৎসার নগদ ৪০ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে ডাকাতদল অ্যাম্বুলেন্স আটক রেখে তার সিগনাল লাইট জ্বালিয়ে দুই ঘণ্টা ধরে অন্য ১৫টি গাড়িতে ডাকাতি করে।
স্থানীয় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রুমী আক্তার বৃহস্পতিবার দুপুরে বলেন, তার মেয়ের মুমূর্ষু অবস্থা, তাকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন। ডাকাতদের অ্যাম্বুলেন্স ছেড়ে দিতে বললে তারা মারধর করে। তাদের অ্যাম্বুলেন্স আটকে ২ ঘণ্টা বিভিন্ন গাড়িতে ডাকাতি করে।
একটি মাইক্রোবাসের চালক শাহাবুদ্দিন জানান, অ্যাম্বুলেন্সের লাইট জ্বালানো দেখে মনে করেছেন পুলিশের গাড়ি টহল দিচ্ছে। নিরাপদ মনে করে অ্যাম্বুলেন্সের কাছে গেলে ডাকাতরা যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, তাদের টহল দল মতলবের সীমান্ত ঘুরে আসার ফাঁকে ডাকাত দল যানবাহনে ডাকাতি করেছে।
ইআর





