হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে সুন্দ্রাটিকি গ্রামে নিহতদের বাড়িতে পৌঁছে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
এ সময় তিনি নিহত প্রত্যেক শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেন।
নিখোঁজের পাঁচ দিন পর গত বুধবার সকাল ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী বিল থেকে বালুচাপা অবস্থায় চার শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হল- বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০)।
গত শুক্রবার বিকালে বাড়ির পাশের মাঠে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়েছিল তারা।
এদিকে, এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আব্দুল আলী ও তার ছেলে জুয়েল মিয়াকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
ওএফ





