নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব- ১১।

এদের মধ্যে তিন নারী সদস্য ও এক কথিত সাংবাদিক রয়েছে। তাদের কাছ থেকে পুক্তিপণ বাবদ আদায় করা নগদ ২৮ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১- এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লার আব্দুল হালিম, সোনারগাঁওয়ের রঞ্জিতা ও আব্দুল হক, কুমিল্লার তানিয়া, সিদ্ধিরগঞ্জের তারেক, মুন্সিগঞ্জের রানা, সিদ্ধিরগঞ্জের জসিমউদ্দিন ও একই এলাকার সালাহউদ্দিন।

সংবাদ সম্মেলনে র‌্যাব- ১১- এর সিও আনোয়ার লতিফ খান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে তাদের নারী সদস্যদের মাধ্যমে মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে ব্যবসায়ী ও বিত্তশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে দেখা করার নামে তাদেরকে ডেকে এনে অপহরণ করে আটকে রেখে বিকাশের মাধ্যমে মোটা অংকের মুক্তিপণ আদায় করে থাকে।

তিনি আরো জানান, র‌্যাবের কাছে নিয়মিত এ ধরনের লিখিত অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে র‌্যাব চক্রটির প্রতি নজরদারি করছিল। সোমবার রাতে র‌্যাব- ১১ এর গোয়েন্দা শাখার একটি বিশেষ দল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে সিদ্ধিরগঞ্জের চৌধুরিবাড়ি তাঁতখানা এলাকায় অভিযান চালায়।

প্রথমে এই চক্রের সদস্য তানিয়াকে মুক্তিপণের টাকাসহ গ্রেফতার করে র্যা ব। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অন্যান্য সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর অপহরণকারী চক্রের এই সদস্যরা তাদের নানা অপকর্মের কথা স্বীকার করে।

এ পর্যন্ত তারা বেশ কয়েকজন ব্যক্তিকে এভাবে অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা মুক্তিপণ হিসেবে আদায় করেছে।

কেএইচ