লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক কিশোরীকে উত্ত্যক্ত করার অপরাধে মো. রিয়াজ (২৩) নামে এক যুবককে দেড়মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত রিয়াজ উপজেলার মধ্যচর মার্টিন গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার জানান, রিয়াজ এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। মঙ্গলবার সকালে তিনি ওই মেয়েটির হাত ধরে টানাটানি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াজকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে এ দণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।
ওএফ





