যুদ্ধাপরাধীদের সন্তানরা নজরদারিতে’ শিরোনামে গতকাল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে জড়িয়ে যে সব বক্তব্য প্রকাশিত হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাসুদ সাঈদী।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, রিপোর্টে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। আমার পিতা গ্রেফতারের আগে অর্ধ শতাব্দী ধরে তিনি দেশে-বিদেশে কুরআনের তাফসীর করেছেন। তার ৫০ বছরের বক্তব্যগুলো পরীক্ষা-নিরীক্ষা করলে দিবালোকের মত স্পষ্ট হবে, আমার পিতা সব সময় সন্ত্রাসবাদ, নৈরাজ্যবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
মাসুদ বলেন, আমি গত প্রায় আড়াই বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে জিয়ানগরের মানুষের সেবা করছি। প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের কাছে আমার সকল কর্মকাণ্ড দিবালোকের মতো স্পষ্ট। উপজেলার বিগত আড়াই বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সকল রাজনৈতিক দলের সহাবস্থান পর্যালোচনা করলে একথা ইনশাআল্লাহ অবশ্যই প্রমানিত হবে, কোন রকমের সন্ত্রাস, দূর্ণীতি, জঙ্গিপনা কিংবা দেশের স্বার্থ বিরোধী কোন কর্মকাণ্ডের সাথে আমি বা আমাদের পরিবারের কোন সদস্যের দূরতম কোন সম্পর্ক নেই।
মাসুদ সাঈদী বলেন, আমি দ্বার্থহীনভাবে আবারো ঘোষনা করছি, কোন ধরনের সন্ত্রাসবাদ, নৈরাজ্যবাদ, জঙ্গিবাদ কিংবা জঙ্গিদের অর্থদাতা হিসেবে কাজ করার কথিত বক্তব্যের সাথে আমি বা আমাদের পরিবারের কারো কোন সম্পর্ক নেই। থাকার প্রশ্নও আসে না।
পত্রিকায় আমার এবং আমাদের পরিবারের ভাবমর্যাদা বিনষ্ট করার জন্যই যথাযথ কর্তৃপক্ষের কারো নাম, পদবী কিংবা স্বাক্ষী প্রমাণ ছাড়া এ ধরনের মিথ্যা ও কাল্পনিক খবর প্রচার করা হয়েছে বলে আমি মনে করি। শুধুমাত্র 'জানা গেছে', 'শোনা গেছে' কিংবা 'সূত্র জানিয়েছে' জাতীয় তথ্যের উপর ভিত্তি করে কোন রিপোর্ট তৈরী করা এবং তা প্রকাশ করা কোন দ্বায়িত্বশীল পত্রিকার কাজ হতে পারেনা। ।
এসএ/টাইম- প্রেস বিজ্ঞপ্তি





