দিনাজপুর শহরের মো. আউয়াল (২১) নামে এক ব্যক্তি তার চার মাসের সন্তানকে হত্যা করে মৃত সন্তানসহ থানায় আত্মসমর্পণ করেছে।

বুধবার সন্ধ্যা ৬টায় শহরের শেরশাহ মোড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

আউয়াল জানান, তার স্ত্রী লিপি বেগমের (১৯) সঙ্গে অনৈতিক কার্যকলাপ নিয়ে ঝগড়া হয়।

একপর্যায়ে সে লিপিকে মারধর করতে থাকলে অত্মীয়-স্বজনরা তাকে বাধা দেয়। এতে সে ক্ষুব্ধ হয়ে চার মাসের শিশুপুত্র মো. লিখনকে ঘরের বাইরে এনে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। সন্তানকে হত্যার পর মৃত শিশু নিয়ে আউয়াল নিজেই থানায় এসে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করে।

স্ত্রী লিপি বেগম জানান, অভারের সংসারে একটা আনতে আরেকটির অভাব দেখা দেয়। আমার স্বামী একটু অলস প্রকৃতির। অনেক কষ্ট করে একটি অটোরিকশা কিনে দিয়েছিল আমার বাবা। সে একদিন অটোরিকশা চালালে দু'দিন বসে থাকে। এটা নিয়ে আমি কথা বললে সে প্রায়ই আমাকে মারধর করে। আর সব সময় সন্দেহ করে, আমি নাকি গোপনে অন্য ছেলের সঙ্গে মোবাইলে কথা বলি।

বুধবার সন্ধ্যায় ছোট্ট বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে আমাকে পেটাতে এলে আমি দৌড়ে প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে পড়ি। আমাকে পেটাতে না পেরে দুধের বাচ্চা লিখনকে গামছা দিয়ে পেঁছিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেছে।

কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) মো. আবুল হাসনাত খান জানান, এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএইচ