রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ সময় ৫ মাছ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাব।
দণ্ডিত মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষতিকর রঙ মাখিয়ে মরা ও পঁচা মাছ, নিষিদ্ধ পিরানহা, অস্ট্রেলিয়ান মাগুর বিক্রির অভিযোগ আনা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের মাছের আড়তে র্যাবের নির্বাহী ম্যাজিস্টেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পাঁচ মাছ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার বিষয়ে সারওয়ার আলম সাংবাদিকদের বলেন, মাছ দীর্ঘ সময় ধরে তাজা রাখতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করেছেন এসব ব্যবসায়ী। এছাড়া মাছের শরীরে বিভিন্ন রঙ ব্যবহার করেন তাঁরা।
সারওয়ার আরও জানান, অভিযানকালে কারওয়ান বাজারে সামুদ্রিক রূপচাঁদা মাছ বলে নিষিদ্ধ পিরানহা বিক্রি, অস্ট্রেলিয়ান মাগুর বিক্রিসহ ক্ষতিকর রং দিয়ে মাছ বিক্রির অভিযোগে পাঁচজন মাছ ব্যবসায়ীকে এক থেকে তিন মাস মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এমবি





