নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়ায় চিত্রা নদীতে অনুষ্ঠিত হল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকালে এ প্রতিযোগিতায় নড়াইল ও খুলনার বিভিন্ন অঞ্চল থেকে আসা ৬টি নৌকা অংশগ্রহণ করে।

গ্রামবাসীর আয়োজনে ৫০তম এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নৌকার মালিক খুলনার মধুপুর গ্রামের মাহাবুবুর রহমানকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী নৌকার মালিক খুলনার মধুপুর গ্রামের আনোয়ার মোল্যাকে ৭ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী নৌকার মালিক নড়াইলের ঘোষগাতি গ্রামের মোশাররফকে ৫ হাজার টাকা পুরস্কৃত করা হয়।
পুরস্কার প্রদান করেন মেলা কমিটির প্রধান উপদেষ্টা আব্দুর রহমান ও কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন রানা।

ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার জন্য দুপুর থেকে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শক প্রখর রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে থাকেন। নৌকাবাইচ চলাকালে সারিগানের দলের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেয়।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই