লালমনিরহাটের পাটগ্রামে যৌতুকের টাকা না দেয়ায় মোর্শেদা বেগম (১৯) নামে এক গৃহবধুর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে হত্যা করলো পাষন্ড স্বামী।
মোর্শেদা বেগম ৪ দিন ধরে অসহ্য যন্ত্রণা সহ্য করে অবশেষে গত শুক্রবার (২৫ আগষ্ট) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত সোমবার (২১ আগষ্ঠ) জেলার পাটগ্রাম উপজেলার সাহেব ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাষন্ড স্বামী মমিনুর রহমান (৩০) কে আটক করেছে থানা পুলিশ।
পাটগ্রাম থানার ওসি অবনী শংকর কর জানান, ২ বছর আগে পাটগ্রাম উপজেলার হরিরহাট এলাকার মোকারম হোসেনের কন্যা মোশেদা আক্তারের সাথে পার্শ্ববর্তী সাহেব ডাঙ্গা এলাকার বাদশা মিয়ার পুত্র মমিনুর রহমানের বিয়ে হয়।
মোর্শেদার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মমিনুর রহমান কারণে অকারণে মোর্শেদা আক্তারকে নির্যাতন করেন। গত ২১ আগষ্ট যৌতুকের কারণে মমিনুর ও তার পরিবারের লোকজন মোর্শেদা আক্তারের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা করেন।
পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় অগ্নিদগ্ধ মোর্শেদাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় একটি মামলা হলে অভিযুক্ত মমিনুর রহমানকে শুক্রবার রাতে রংপুর থেকে গ্রেফতার করা হয়।
সরকার/জেড





