করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ১৪৩ জনে।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৯১ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন আরও ৭ হাজার ৬৬৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।
শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৩ হাজার ৪৯৩টি। আর পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮৮২টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৮২ হাজার ৪৫৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২২ লাখ ৩৫ হাজার ৩৬৯টি।
গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক শূন্য ২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ১২০ জনের মধ্যে পুরুষ ৬৯ আর নারী ৫১ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট ১৬ হাজার ৪৬৫ জন পুরুষ এবং নারী ৮ হাজার ৬৭৮ জন মারা গেছেন।
মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৪০ জন, চট্টগ্রাম বিভাগের ২৭ জন, রাজশাহী বিভাগের ৯ জন, খুলনা বিভাগের ১৫ জন, বরিশাল বিভাগের ৩ জন, সিলেট বিভাগের ১৩ জন, রংপুর বিভাগের ৭ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন ৬ জন।
এমবি





