ভারতে পাচারকালে দালালসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার তাদের কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাতে হাবিলদার তৌহিদুল ইসলামের নেতৃত্বে বুড়িচং থানার হায়দ্রাবাদ নামক স্থানে অভিযান চালিয়ে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন : ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের মো.সজিব হোসেন (২০), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা গ্রামের খোরশেদ আলম (২২), শরীয়তপুরের ঘোষেরহাট উপজেলার সোয়ালপাড়া গ্রামের মো. কবির হোসেন (২০) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর গ্রামের মো. সুজন আকন (২২)।
এ সময় আরো আটক করা হয় উন্নতমানের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকারী কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ওমায়িনপুর গ্রামের সাধন দাসকে (২০)। তার থেকে নগদ সাতত্রিশ হাজার পঞ্চান্ন টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উল্লেখিত চারজন ঢাকায় একটি গার্মেন্টস এ চাকরি করতেন।
সেখানে সাধন দাসের সঙ্গে তাদের পরিচয় হয়। সাধন দাস তাদের ভাল বেতনের উন্নতমানের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কুমিল্লা জেলার সীমান্তবর্তী বুড়িচং উপজেলার হায়দ্রাবাদ নামক স্থান দিয়ে ভারতে পাচারের চেষ্টা করে।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, বিজিবির একটি টহল দল তাদের আটক করে। তাদের মানব পাচার এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
এএইচ





