নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত হয়েছে।

আজ (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কের অনন্তপুরে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- উপজেলার কাদিরপুর গ্রামের অহিদুর রহমান সুমনের ছেলে নাহিদ (১০) ও মেয়ে নাজিবা আক্তার (৩)।  

এসময় নিহতদের মা নাজমা বেগম (৩২) ও অটোরিকশা চালক ইসমাইল হোসেন’সহ (৩০) ৪ জন আহত হন। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, দুপুর ২টার দিকে নাজমা বেগম ২ সন্তানকে নিয়ে অটোরিকশা করে জেলা কারাগারে স্বামীকে দেখতে যাচ্ছিলেন। পথে চৌমুহনী-মাইজদী সড়কের অনন্তপুরে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এসময় অটোরিকশায় থাকা নাহিদ ঘটনাস্থলে নিহত হয়। আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজিবাকে মৃত ঘোষণা করে বলে জানান ওসি ফিরোজ।

তিনি জানার, দুর্ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করেছে পুলিশ। 

এমবি