মাদক ব্যবসায় যুক্ত অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল থেকে তিন ছাত্রলীগ নেতাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। এ সময় হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা দুইজনকে ছিনিয়ে নেন বলে জানান শাহবাগ থানার ইন্সপেক্টর এ কে সাইদুল হক ভূঁইয়া।
আটককৃতদের কাছ থেকে ১৫০ ক্যান বিয়ার ও কয়েক বোতল মদ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী শাহবাগ থানা পুলিশ নিয়ে ফজলুল হক মুসলিম হলে অভিযান চালিয়ে নতুন ভবনের ২০৯ ও ৩১১ নম্বর কক্ষ থেকে এসব উদ্ধার করেন। এ সময় হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক টুটুল ও ছাত্রলীগ নেতা বাশারকে পুলিশ আটক করলে, টুটুল ও বাশার হাতকড়াসহ পালিয়ে যান। রাশেদ বর্তমানে থানায় রয়েছেন।
এ বিষয়ে শাহবাগ থানার ইন্সপেক্টর এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, তিনজনকে আটক করে আনার সময় দুইজনকে হলের ছাত্রলীগ কর্মীরা ছিনিয়ে নিয়ে যায়। রাশেদের বিরুদ্ধে একটি এবং বাকি দু’জনের বিরুদ্ধে মাদকসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগে মোট তিনটি মামলা করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফজলুল হক হলে তল্লাশি চালিয়ে ১৫০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইআর





