চোর-পুলিশ খেলতে গিয়ে ভাগিনার মুখে মামা পলিথিন ব্যাগ দিয়ে পেঁচিয়ে ধরলে ঘটনাস্থলেই ভাগিনা মারা গেছে। গাজীপুর জেলার টঙ্গীতে সোমবার এই অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হিমেশ (৮)। সে টঙ্গীর মরকুন পূর্বপাড়ার রতনের ছেলে। সে সামসুদ্দিন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ সোমবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মামা প্রতিম চন্দ্র দাস (২০) বিকেলে থানায় আত্মসমর্পণ করেছেন।

টঙ্গী থানার এসআই আবুল বাশার জানান, বিকেলে প্রতিম চন্দ্র দাস টঙ্গী থানায় এসে জানান, সকাল ১১টার দিকে খেলতে গিয়ে সে তার ভাগিনার মুখ চেপে ধরেন। এতে ভাগিনার মৃত্যু হয়। তাকে বাড়ি পাশে তিনি ফেলে দেন। তার কথামতো সন্ধ্যায় মরকুন পূর্বপাড়া থেকে হিমেশের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এটা হত্যাকাণ্ড নয়, এক্সিডেন্টাল খুন! চোর-পুলিশ খেলতে গিয়ে মামা ভাগিনার মুখে পলিথিন ব্যাগ দিয়ে পেঁচিয়ে ধরলে কিছুক্ষণের মধ্যেই ভাগিনার মৃত্যু হয়। মামা প্রতিম স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছে। কিন্তু আইনি জটিলতার কারণে তাকে আটক রাখা হয়েছে।

জেডআই